বুধবার (২৭ নভেম্বর) থেকে হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬৫ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দশজন অগ্নিনির্বাপক কর্মীও রয়েছেন। পাশাপাশি এখনও ২৭০ জনেরও বেশি বাসিন্দার কোনো হদিস মেলেনি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সাতটি আবাসিক ভবনের মধ্যে চারটিতে আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে। বাকি ভবনগুলোর আগুনও সন্ধ্যার মধ্যে পুরোপুরি নেভানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দমকল বাহিনীর কর্মকর্তারা।
আগুন এখন নিয়ন্ত্রণের পথে হলেও প্রশ্ন উঠেছে—কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল এবং এর দায় কার? তদন্তে নেমে পুলিশ ইতোমধ্যে তিনটি নির্মাণ কোম্পানির শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভবন মেরামতের সময় দাহ্য পদার্থ—যেমন জাল ও প্লাস্টিক শিট—ব্যবহার করা হয়েছিল, যা আগুনকে দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে বলে প্রাথমিক সন্দেহ।
হংকং সরকার এই অগ্নিকাণ্ডকে ইতিহাসের সর্বোচ্চ মাত্রার (লেভেল-৫) অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি। সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো পোড়া গন্ধে ভরা বাতাস। ভবনের বাইরে নিখোঁজ স্বজনদের খুঁজে অপেক্ষমাণ মানুষের ভিড়। অনেকেেই কান্নায় ভেঙে পড়ছেন।