ত্বকের কালচে দাগ দূর করতে নিয়মিত যত্নই সবচেয়ে কার্যকরী। ঘরে থাকা সহজ উপাদান দিয়েই দাগ হালকা করা যায়—জেনে নিন কোন উপায়গুলো কাজে আসতে পারে।
অ্যালোভেরা জেল
ঘুমানোর আগে তাজা অ্যালোভেরা জেল দাগের ওপর হালকা ম্যাসাজ করে লাগান। চাইলে পুরো মুখেও ব্যবহার করতে পারেন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা ত্বককে স্নিগ্ধ রাখে এবং পিগমেন্টেশন কমাতে সহায়তা করে।
আলুর রস
আলুর রস কটন বল বা পরিষ্কার হাতে নিয়ে দাগের অংশে লাগান। প্রায় ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। আলুতে থাকা প্রাকৃতিক এনজাইম ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে।
লেবু ও মধুর মিশ্রণ
এক চা চামচ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে দাগে লাগান। ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। লেবুর ভিটামিন–সি দাগ কমাতে সহায়ক। তবে ব্যবহার শেষে অবশ্যই সানস্ক্রিন নিন এবং সেনসিটিভ ত্বকে লেবুর রস ব্যবহার না করাই ভালো।
পেঁপে ও মধু
৩–৪ টুকরো পেঁপে ব্লেন্ড করে এক চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপের এনজাইম ত্বক নরম করে, মৃতকোষ সরায় এবং দাগ হালকা করতে সাহায্য করে। মধু ত্বক নরম রাখে এবং ব্রণ উন্নত করতে সাহায্য করে।
হলুদ ও দই
এক চা চামচ দইয়ের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন। ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে। হলুদের অ্যান্টি–ইনফ্লেমেটরি গুণ ও দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড দাগ কমাতে কার্যকর।
শসা ও দই
এক চামচ শসার রস এবং এক চামচ দই মিশিয়ে মুখে লাগান। ১০–১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শসা ত্বক ঠান্ডা রাখে, আর দই ত্বকের পিএইচ–ব্যালান্স ঠিক রেখে দাগ ও ব্রণ হালকা করতে সাহায্য করে।
গ্রিন টি
ঠান্ডা করা গ্রিন টি কটনের সাহায্যে মুখে লাগান। এটি ইনফ্লেমেশন কমায় এবং সময়ের সঙ্গে সঙ্গে দাগ হালকা করতে সহায়তা করে।