ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট বাতিলসহ কয়েকটি দাবিতে বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের সামনে তারা জড়ো হন।
ব্যবসায়ীদের অবস্থানের কারণে সড়কের একপাশ বন্ধ হয়ে পড়েছে। ফলে বিটিআরসি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। দীর্ঘ সময় আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি।
বিটিআরসি আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের সিদ্ধান্ত জানিয়েছে। পাশাপাশি বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের আনা ফোনের ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। সরকার বলছে, নতুন নিয়ম চালু হলে অবৈধভাবে আনা ফোন আর ব্যবহার করা যাবে না।
এ প্রেক্ষাপটে মোবাইল ব্যবসায়ীরা আমদানির প্রক্রিয়া সহজ করা ও বাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছেন।