ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হত্যা মামলার আসামি হিসেবে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় এবং মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও থমকে আছে তার পথচলা। তবে ব্যক্তিগত ও পেশাগত অনিশ্চয়তার মাঝেও থেমে নেই তার রাজনৈতিক ভাবনা। জানালেন, ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ হলেও রাজনীতির প্রতি দায়বদ্ধতা এবং দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা এখনো অটুট।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি–টোয়েন্টি লিগে অংশ নিচ্ছেন সাকিব। সেখানেই ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের একটি পডকাস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
পডকাস্টে সাকিব বলেন,
“আমার মনে হয় ক্রিকেট ক্যারিয়ারের শেষপ্রান্তে চলে এসেছি। কিন্তু রাজনীতিতে আমার পথচলা এখনো বাকি। দেশের মানুষ, বিশেষ করে মাগুরার মানুষের জন্য কিছু করার ইচ্ছা ছিল এবং এখনও আছে। আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান, সেটাই এখন দেখার বিষয়।”
গত বছরের আগস্টে প্রাক্তন সরকারের পতনের পর থেকেই দেশে ফেরা সম্ভব হয়নি তার। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার পরিকল্পনাও বাস্তবায়ন হয়নি। কানপুর টেস্টের আগে অবসরের ইঙ্গিত দিলেও পরিস্থিতি বিবেচনায় তা অনির্দিষ্টকাল স্থগিত রয়েছে।
তবে এখনো কোনো ফরম্যাট থেকেই আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি সাকিব। তার ইচ্ছা—দেশে ফিরে তিন সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে মাঠ থেকেই বিদায় জানানো।
সাকিবের ভাষায়,
“আমি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাট থেকে অবসর নিইনি। দেশে ফিরতে পারলে তিন ফরম্যাটে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বিদায় নিতে চাই।”