আইপিএলের আসন্ন মিনি নিলামের জন্য ৩৫০ ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ১,৩৯০ জন নিবন্ধিত ক্রিকেটার থেকে বাছাই করে এই তালিকা তৈরি করা হয়েছে, যা মঙ্গলবার আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বাংলাদেশ থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন সাতজন—মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম। তবে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত নিলাম তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবুধাবিতে।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের খেলোয়াড়ের সংখ্যা প্রাথমিক ৪৫ জন থেকে কমে দাঁড়িয়েছে ৪০ জনে। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। অন্যদিকে রিশাদ, তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি, আর বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের ভিত্তিমূল্য ৩০ লাখ।
রাকিবুলকে চূড়ান্ত তালিকায় পাওয়া অনেকের জন্যই চমক। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী স্পিনারটি নিয়মিত খেলছেন ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলে। এখনো জাতীয় দলে অভিষেক না হলেও ৬৯ টি–টোয়েন্টিতে তাঁর রয়েছে ৬৯ উইকেট।
ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে অতিরিক্ত আরও ৩৫ জনকে চূড়ান্ত তালিকায় যুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে এবং শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে। পুরো তালিকায় ভারতীয় ক্রিকেটার ২৪০ জন এবং বিদেশি ১১০ জন। নিলামে মোট ৭৭ জন খেলোয়াড় দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার মধ্যে বিদেশি কোটায় রয়েছে ৩২টি স্লট।
সবচেয়ে বেশি বাজেট রয়েছে কলকাতা নাইট রাইডার্সের—৬৪.৩০ কোটি রুপি। তাদের ১৩টি শূন্যস্থান পূরণ করতে হবে, যার ৬টি বিদেশি খেলোয়াড়ের জন্য।
বিশ্লেষকদের মতে, এবারের নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে আগ্রহই সবচেয়ে বেশি হতে পারে। তিনি ব্যাটসম্যান হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং প্রথম সেটেই উঠবেন নিলামে।
চূড়ান্ত তালিকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২২৪ জনই আনক্যাপড। বিদেশি আনক্যাপড ক্রিকেটার ১৪ জন। পাঁচ বছর ধরে জাতীয় দলে না খেলা বা কখনোই জাতীয় দলে না ওঠা ক্রিকেটারদের আনক্যাপড ধরা হয়।