নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী আজ ৯ ডিসেম্বর। দিনটি ‘রোকেয়া দিবস’ হিসেবে পালন করা হয়। দিবসকে কেন্দ্র করে রংপুরের পায়রাবন্দে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে প্রশাসনসহ নানা সংগঠন। দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর আজ পুনরায় চালু হচ্ছে ‘বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র’ও।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, নারীমুক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার সংগ্রাম ছিল অনন্য। তাঁর নেতৃত্বেই নারীরা অন্ধকার থেকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছেন।
রোকেয়া দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রদান করা হবে রোকেয়া পদক ২০২৫। নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারী এ বছরের পদক পাচ্ছেন। অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখতে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে প্রতিষ্ঠিত স্মৃতিকেন্দ্রটি দীর্ঘদিন অবহেলার পর আজ পুনরায় খুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রটিতে মিলনায়তন, সেমিনার কক্ষ, গ্রন্থাগার, গবেষণাকেন্দ্র, সংগ্রহশালা ও প্রশিক্ষণ সুবিধা রয়েছে। কেন্দ্রের সামনে স্থাপন করা হয়েছে বেগম রোকেয়ার পিতলের ভাস্কর্য। ২০০১ সালে উদ্বোধনের পর প্রশাসনিক জটিলতায় ২০১২ সাল থেকে এটি বন্ধ ছিল। আদালতের নির্দেশনায় শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত বাতিল হওয়ায় অবশেষে রোকেয়া দিবসের দিনে এটি আবারও চালু হচ্ছে।
বাংলা একাডেমির সহকারী পরিচালক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবিদ করিম মুন্না জানান, তিনটি ট্রেডে ৮০ জন প্রশিক্ষণার্থীকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হবে। দুস্থ নারীদের সেলাই প্রশিক্ষণ এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সংগীত শেখানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, স্মৃতিকেন্দ্রের সংস্কার ও আধুনিকায়নে প্রস্তাবিত ১০০ কোটি টাকার প্রকল্প দ্রুত অনুমোদন প্রয়োজন। বাজেট অনুমোদন না হওয়ায় উন্নয়নকাজ আটকে আছে বলে জানিয়েছেন পায়রাবন্দ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল।
রোকেয়া দিবসকে ঘিরে আজ পুষ্পমাল্য অর্পণ, পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, নাটিকা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। পায়রাবন্দে বসেছে তিন দিনব্যাপী মেলা, যেখানে সার্কাস, পুতুলনাচ, মোটরসাইকেল প্রদর্শনীসহ হস্তশিল্পের নানা পসরা রয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ মহিলা পরিষদ তরুণদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে, যেখানে বেগম রোকেয়ার সমাজসংস্কার ও নারী আন্দোলনে অবদানের গুরুত্ব তুলে ধরা হয়।