মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ আনাস বিন আতিককে (১৪) সংবর্ধনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে হাফেজ আনাসকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আনাসকে ক্রেস্ট দেন।
এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।
ইসলামী ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান।
তিনি জানান, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম শায়েখ নেছার আহমদ নেছারী ও হাফেজ আনাসের বাবা আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
হাফেজ আনাস বিন আতিককে অভিনন্দন জানিয়ে ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, ‘হাফেজ আনাস তার এই অর্জনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছেন। বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছেন।’
তিনি বলেন, ‘বিশ্ববিজয়ী হাফেজ ও কারিদের অর্জন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত ৬ থেকে ১০ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৫ ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অভিজ্ঞ বিচারকমন্ডলীর মাধ্যমে মিশরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আনাসকে নির্বাচিত করা হয়।