নীলফামারীর ডোমার ভিত্তি আলুবীজ উৎপাদন খামার আধুনিক প্রযুক্তিনির্ভর আলুবীজ উৎপাদনে দেশের শীর্ষ কেন্দ্রগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ১৯৫৭–৫৮ সালে প্রতিষ্ঠিত খামারটি ১৯৮৯–৯০ অর্থবছরে আলুবীজ বিভাগে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে নতুন মাত্রায় রূপ নেয়। বর্তমানে খামারের আয়তন ৫১৪.৪৮ একর এবং এর আওতায় দেবীগঞ্জে রয়েছে আরও ৮৬.২৯ একর জমির আলুবীজ উৎপাদন ক্ষেত্র।
ডোমার খামারের মূল শক্তি এর সাতটি অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি। এখানকার দক্ষ জনবল ও উন্নত যন্ত্রপাতির মাধ্যমে প্রতিবছর ১৭ থেকে ১৮টি জাতের প্রায় ২৫ লাখ ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদিত হচ্ছে। এসব প্লান্টলেট থেকেই ধাপে ধাপে তৈরি হয় মিনিটিউবার, প্রাকভিত্তি বীজ, ভিত্তি বীজ এবং শেষে প্রত্যায়িত আলুবীজ, যা কৃষক পর্যায়ে পৌঁছে যায়।
খামারের নিজস্ব হিমাগার এবং পরবর্তীতে বিএডিসির ৩২টি হিমাগার জোনের মাধ্যমে সারা দেশে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা রয়েছে। ফলে প্রতিবছর ৪০–৫০ হাজার মেট্রিক টন আলুবীজ কৃষকদের হাতে পৌঁছায়।
চলতি ২০২৫–২৬ মৌসুমে বিএডিসি ১৮টি উন্নত জাতের ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে বিএডিসি আলু–১, আলু–৩, আলু–৬, আলু–৭, আলু–৮, বারিআলু–৭, বারিআলু–৮, বারিআলু–১৩, বারিআলু–২৫, বারিআলু–২৯, বারিআলু–২৮, বারিআলু–৫৪, বারিআলু–৮৫, বারিআলু–৯০, সাগিত, বারিআলু–৬২ ও বারিআলু–৮৬।
ডোমার খামারের আধুনিকীকরণ, উৎপাদন বৃদ্ধি এবং ব্যবস্থাপনা উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন খামারের উপপরিচালক মো. আবু তালেব মিঞা। তাঁর নেতৃত্বে ল্যাবগুলোর উৎপাদনক্ষমতা বেড়েছে, প্লান্টলেট ও ভিত্তিবীজ উৎপাদন আরও সফলতার সঙ্গে সম্পন্ন হচ্ছে, মাঠপর্যায়ের তদারকি শক্তিশালী হয়েছে এবং সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
খামারের সার্বিক কাজ প্রসঙ্গে আবু তালেব মিঞা বলেন, ‘ডোমার খামার আলুবীজ উৎপাদনের কেন্দ্রবিন্দু। আমাদের ল্যাবে যে মানের ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন হয়, তা দেশের লাখো কৃষককে উপকৃত করে। খাদ্য নিরাপত্তায় আলুবীজের যে ভূমিকা, তার বড় অংশই আসে এখান থেকে—এটাই আমাদের গর্ব।’ তিনি জানান, চলতি মৌসুমে ২৫ লাখ প্লান্টলেট উৎপাদনের লক্ষ্য ইতোমধ্যে পূরণ হয়েছে এবং মাঠপর্যায়েও রোপণ কার্যক্রম চলমান।
উচ্চমানের ভাইরাসমুক্ত বীজ সরবরাহে ডোমার খামার এখন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের একটি। আধুনিক প্রযুক্তি, উন্নত ব্যবস্থাপনা ও দক্ষ জনবলের সমন্বয়ে এই খামার দেশের আলুচাষে নতুন দিগন্ত উন্মোচন করেছে।