জাপানের উত্তর উপকূলে সোমবার রাত ১১টা ১৫ মিনিটে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বড় ধরনের এই কম্পনের পর দেশটির আবহাওয়া অধিদপ্তর আগামী এক সপ্তাহ ধরে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে।
জাপান আবহাওয়া সংস্থা ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি প্রিফেকচারের উপকূল থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে। প্রধান ঝাঁকুনির পর ৫.৫ এবং ৫.০ মাত্রার একাধিক আফটারশক অনুভূত হয়।
কম্পনের পরপরই আওমোরি, ইওয়াতে, হোক্কাইদো, মিয়াগি ও ফুকুশিমা উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে টোকিও কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহার করে। ইওয়াতে উপকূলে ৭০ সেন্টিমিটার, হোক্কাইদোতে ৫০ সেন্টিমিটার এবং আওমোরিতে ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ দেখা গেছে।
ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তবে আগুন ভূমিকম্পজনিত কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপানে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি কম্পন অনুভূত হয়।
সূত্র: রয়টার্স, আনাদোলু