পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়ছে। রোববার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয় ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। পরে সকাল ৯টায় তাপমাত্রা নেমে দাঁড়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শনিবার সকালেও তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
শীতের কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে ছোট যানবাহনের চালক, ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষজনকে ঠান্ডা আর কুয়াশার মধ্যেই সড়কে চলাচল করতে হচ্ছে। এতে তাদের দুর্ভোগও বাড়ছে।
স্থানীয়রা জানান, প্রচণ্ড শীতে প্রায় প্রতিটি পরিবারেই কারও না কারও জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে। আয় কমে যাওয়া এবং চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় তাদের অবস্থাও কঠিন হয়ে পড়েছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে এলাকাটিতে তাপমাত্রা ক্রমেই কমছে। শীত আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।