দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসেন বলে জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার (২৫ নভেম্বর) উত্তর ২৪ পরগনার ঠাকুরগরে করা সভায় এ কথা জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কয়েক মাস পরেই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে উতপ্ত রাজ্যটির রাজনীতি। এমন পরিস্থিতিতে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে সভা করলেন মমতা বন্দোপাধ্যায়।
সভায় মমত বন্দোপাধ্যায় বলেন, ‘বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি? বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত।’
তিনি বলেন, ”দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসি। কারণ আমাদের ভাষা এক। যারা বাংলাদেশি, তারা বাংলায় কথা বলে অভ্যস্ত, হঠাৎ কী করে বদলাবে?’
মতুয়াদের সাহস দিয়ে মমতা বলেন, ‘ভয় পাবেন না। বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে। আমি থাকতে কারও গায়ে হাত দিতে দেব না।
পশ্চিমবঙ্গে দ্রুত এসআইআর করা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এসআইআর করতে হবে না আমরা বলিনি। আমরা বলেছি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর করতে তিন বছর সময় লাগে। আপনারা দুই মাসে করতে চাইছেন।’
নির্বাচনের আগে গায়ের জোর দেখিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।